ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধাবস্থার মধ্যেই ইরানে নিষিদ্ধ ঘোষিত পিপলস মোজাহিদিন অর্গানাইজেশন অব ইরানের (পিএমওআই) দণ্ডিত দুই সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান।
শনিবার (৪ এপ্রিল) সকালে দেশটির সর্বোচ্চ আদালত পিএমওআইয়ের সদস্য হওয়ায় এবং একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার মাধ্যমে সশস্ত্র বিদ্রোহে তাদের দোষী সাব্যস্ত করে দেয়া পূর্বের রায় বহাল রাখার পর কার্যকর করা হয় ওই দুজনের মৃত্যুদণ্ড।
শনিবার ইরানের বিচার বিভাগীয় ওয়েবসাইট মিজান অনলাইন জানায়, আবোলহাসান মোন্তাজের এবং ওয়াহিদ বানিয়ামেরিয়ানের দণ্ডাদেশ সর্বোচ্চ আদালত বহাল রেখেছে এবং তাদের বিচারের পর ফাঁসি দেয়া হয়েছে।
পিএমওআই বা এমইকে প্রাথমিকভাবে ১৯৭৯ সালে ইরানের রাজতন্ত্রকে ক্ষমতাচ্যুত করা ইসলামি বিপ্লবকে সমর্থন করেছিল। তবে, ১৯৮০-এর দশকে তেহরানের নতুন নেতৃত্বের সঙ্গে তাদের মতবিরোধ দেখা দেয় এবং এরপরই দলটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়। এরপর থেকে পিএমওআই/এমইকে নির্বাসনে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
এর আগে দলটির আরও চারজন দণ্ডিত সদস্যকে গত ৩০ ও ৩১ মার্চ মৃত্যুদণ্ড দেয়া হয়। পিএমওআই/এমইকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দণ্ডিত ব্যক্তিরা হলেন- মোহাম্মদ তাঘাভি, আকবর দানেশভারকর, বাবাক আলিপুর এবং পুয়া ঘোবাদি।
পিএমওআই/এমইকের তথ্যমতে, এই ছয়জনকেই ২০২৪ সালের শেষের দিকে গ্রেপ্তারের পর একটি বিপ্লবী আদালত দণ্ড প্রদান করে। এমন ঘটনার প্রেক্ষিতে দলটি ২ এপ্রিল এক বিবৃতিতে এই মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়ে তেহরানের পদক্ষেপকে বিরোধীদের দমনের একটি ব্যর্থ প্রচেষ্টা বলে অভিহিত করেছে।
সূত্র: আল জাজিরা

