ইসলামাবাদে পৌঁছানো ইরানি প্রতিনিধিদলের বিমানের নাম ‘মিনাব ১৬৮’

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। তবে তাদের বহনকারী বিমানটির নাম সবার নজর কেড়েছে। 

ইরানি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক একটি মর্মান্তিক ক্ষেপণাস্ত্র হামলার স্মৃতিকে জড়িয়ে বিমানটির নামকরণ করা হয়েছে ‘মিনাব ১৬৮’।

ইরানি কর্তৃপক্ষের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ১৬৮ জন ইরানি নাগরিক প্রাণ হারান। ওই হামলায় মিনাব শহরের শিশুদের স্কুল ‘শাজরায়ে তাইয়েবা’ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নিহত সেই ১৬৮ জনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং বিশ্ববাসীর কাছে এই ট্র্যাজেডি তুলে ধরতেই বিমানটির নাম ‘মিনাব ১৬৮’ রাখা হয়েছে।

পাকিস্তানে অবতরণের পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি আবেগঘন ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, বিমানের কয়েকটি আসনে চারটি শিশুর ছবি রাখা, আর তার পাশে সাজানো রয়েছে স্কুলব্যাগ ও ফুল। গালিবাফ তার পোস্টের ক্যাপশনে লেখেন, ‘এই ফ্লাইটে তারা আমার সহযাত্রী।’

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সামরিক তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ভুলবশত বা অনিচ্ছাকৃতভাবে ওই হামলা চালিয়ে থাকতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আগেই জানিয়েছেন, মর্মান্তিক এই ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

সূত্র: বিবিসি

NB/
আরও পড়ুন