'যুক্তরাষ্টের উচিত নিজেদের স্বার্থকে প্রাধান্য দেওয়া, ইসরায়েলের নয়'

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম

ইসলামাবাদে অনুষ্ঠিতব্য উচ্চঝুঁকির কূটনৈতিক আলোচনার প্রাক্কালে যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান নিয়েই মূল প্রশ্ন তুলে দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তার মতে, এই আলোচনার ভবিষ্যৎ ও সম্ভাব্য ফলাফল সম্পূর্ণভাবে নির্ভর করছে ওয়াশিংটন কোন অগ্রাধিকারকে সামনে রাখছে নিজেদের জাতীয় স্বার্থ, নাকি ইসরায়েলের এজেন্ডা।

এক্সে দেওয়া এক বিস্তারিত বার্তায় আরেফ বলেন, যদি যুক্তরাষ্ট্র তার ঘোষিত 'আমেরিকা ফার্স্ট' নীতিকে বাস্তবে প্রতিফলিত করে এবং সেই অনুযায়ী কূটনৈতিক সিদ্ধান্ত নেয়, তাহলে উভয় পক্ষের জন্যই গ্রহণযোগ্য ও পারস্পরিকভাবে লাভজনক একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। তার ভাষায়, এমন একটি পথই বর্তমান অচলাবস্থা কাটিয়ে স্থিতিশীলতার দিকে এগোনোর বাস্তব সুযোগ তৈরি করতে পারে।

তবে তিনি স্পষ্ট করে সতর্ক করেন, যদি আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র 'ইসরায়েল ফার্স্ট' ধরণের অগ্রাধিকারকে সামনে নিয়ে আসে, তাহলে পুরো প্রক্রিয়াই ভেস্তে যেতে পারে। এতে শুধু আলোচনার পথ বন্ধ হবে না, বরং আঞ্চলিক উত্তেজনাও নতুন মাত্রা পাবে।

আরেফ বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে ইরান বাধ্য হবে তাদের প্রতিরক্ষামূলক অবস্থান আরও জোরদার করতে এবং আগের তুলনায় আরও শক্তভাবে প্রতিক্রিয়া জানাতে। তার মতে, এটি কোনো পছন্দের পথ নয়, বরং পরিস্থিতির চাপেই এমন অবস্থানে যেতে হবে তেহরানকে।

তিনি আরও সতর্ক করে দেন, আলোচনার ব্যর্থতা কেবল সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও বড় ধরনের মূল্য তৈরি করবে। তার ভাষায়, এই ধরনের অচলাবস্থা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা ও অনিশ্চয়তার জন্ম দেবে, যার প্রভাব বিস্তৃত হবে অর্থনীতি, নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ওপর। সূত্র:আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত