হরমুজ ব্লকেড মোকাবিলার ঘোষণা ইরানের

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ফলে হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া চাপ সত্ত্বেও ইরান অভ্যন্তরীণ ও সীমান্ত বাণিজ্যের মাধ্যমে এই পরিস্থিতি 'নিরপেক্ষ' করার দাবি করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি বলেছেন, ইরানের বিশাল স্থল ও সমুদ্র সীমান্ত এই অবরোধের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

তিনি বলেন, ইরানের রয়েছে ৮ হাজার কিলোমিটারেরও বেশি বিস্তৃত স্থল ও সমুদ্র সীমান্ত, যা দেশটির জন্য বিকল্প আমদানি ও সরবরাহ ব্যবস্থার সুযোগ তৈরি করে। তার দাবি, এই ভৌগোলিক সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ইরানের অর্থনীতিকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারবে না।

মোমেনি সীমান্তবর্তী প্রদেশগুলোর প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে প্রয়োজনীয় পণ্যের আমদানি প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও নির্বিঘ্ন করা হয়। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনিক বাধা কমানোর ওপর জোর দেওয়া হয়েছে।

ইরান দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় সীমান্ত বাণিজ্য ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিকল্প অর্থনৈতিক চ্যানেল গড়ে তুলেছে। তবে সীমান্ত বাণিজ্য কিছুটা স্বস্তি দিলেও হরমুজ প্রণালির মাধ্যমে পরিচালিত বৃহৎ জ্বালানি রপ্তানির বিকল্প হিসেবে এটি যথেষ্ট নয়। ফলে অবরোধ দীর্ঘায়িত হলে ইরানের অর্থনীতির ওপর চাপ অব্যাহত থাকতে পারে। সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত