ইরান-যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় ফিরবে: শাহবাজ শরিফ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৩ এএম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্র শিগগিরই পুনরায় আলোচনার টেবিলে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তথ্যমন্ত্রী আতা তারার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি এবং পররাষ্ট্র সচিব আমিনা বালোচ। বৈঠকে ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় ধাপের সংলাপ আয়োজনের প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তার সাম্প্রতিক যোগাযোগের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এই যোগাযোগের মূল লক্ষ্য ছিল একটি ফলপ্রসূ সংলাপের পরিবেশ তৈরি করা। শাহবাজ শরিফ বৈঠকে বলেন, ‘আমরা আশাবাদী যে ইরান ও যুক্তরাষ্ট্র খুব দ্রুতই আলোচনায় বসবে।’

তিনি আরও জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তান তার জোরালো কূটনৈতিক ভূমিকা অব্যাহত রাখবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা পাকিস্তানের এই মধ্যস্থতাকারী ভূমিকাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।

সূত্র: সামা টিভি

NB
আরও পড়ুন