আলোচনা মানে আত্মসমর্পণ নয়, জাতীয় স্বার্থ রক্ষায় অনড় ইরানের প্রেসিডেন্ট

আপডেট : ১০ মে ২০২৬, ০৬:২৮ পিএম

বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে সম্ভাব্য আলোচনা বা সংলাপের অর্থ এই নয় যে ইরান নতি স্বীকার করছে। আলোচনার টেবিল মানেই আত্মসমর্পণ নয়-এমনটিই সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করেছেন, সংলাপের মূল লক্ষ্য হবে জাতীয় স্বার্থ রক্ষা এবং ইরানি জনগণের অধিকার আদায় করা।

রোববার (১০ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির পুনর্গঠন ও পরবর্তী করণীয় নির্ধারণে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান তাঁর এই অবস্থানের কথা জানান। তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যে, আলোচনা মানেই আত্মসমর্পণ নয়। বরং এটি ইরানি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার একটি মাধ্যম। আমরা পূর্ণ কর্তৃত্ব ও মর্যাদার সাথে আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করব।’

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পেজেশকিয়ানের এই মন্তব্য মূলত পশ্চিমা বিশ্বের জন্য একটি বার্তা। চলমান যুদ্ধ ও উত্তেজনার মাঝে ইরান আলোচনার পথ খোলা রাখলেও নিজেদের সার্বভৌমত্ব এবং সামরিক সক্ষমতার প্রশ্নে যে কোনো আপস করবে না, তা আবারও পরিষ্কার করলেন দেশটির প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো সমঝোতা হতে হবে পারস্পরিক সম্মান এবং সমতার ভিত্তিতে।

গত কয়েক মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের পর বর্তমানে উভয় পক্ষই পরিস্থিতির গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করছে। এমন সময়ে ইরানের শীর্ষ পদের এই বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

FJ
আরও পড়ুন