চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাস ও আমবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলের পাশে থাকা হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে নাজিরহাট পৌরসভার বাগমারা পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চলা একটি বাসের সঙ্গে আমবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতির যানবাহন নিয়ন্ত্রণে পুলিশ কার্যকর ভূমিকা রাখছে না।
দুর্ঘটনায় আহতদের মধ্যে সাগর, সুমন, জয়নাল, রহিম ও কামালের নাম জানা গেছে। বাকি আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আলম বলেন, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজন চিকিৎসাধীন থাকলেও কেউ গুরুতর আহত নন।
বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোবারক বলেন, অতিরিক্ত কাঁচামাল বোঝাই পিকআপটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। একপর্যায়ে বিপরীত দিক থেকে আসা ফটিকছড়িগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের পাশে নাজিরহাট হাইওয়ে থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে হাইওয়েতে থাকা পুলিশের একটি পিকআপে হামলা চালায়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
কোরবানির হাটে আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’
নাটোরে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা