লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৯

আপডেট : ২০ মে ২০২৬, ০৪:২৯ পিএম

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। সাম্প্রতিক যুদ্ধবিরতি সম্প্রসারণের ঘোষণার পরও সীমান্তজুড়ে সংঘাত অব্যাহত থাকায় নতুন করে উত্তেজনা বাড়ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেইর কানুন শহরের একটি বাড়িতে চালানো হামলায় একই পরিবারের ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন শিশু ও তিন নারী রয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে এক কিশোরীও রয়েছে।

এ ছাড়া নাবাতিয়েহ ও টাইর জেলায় পৃথক ইসরায়েলি হামলায় আরও ৯ জন নিহত এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লেবাননে সংঘাত শুরু হয় গত ২ মার্চ, যখন ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের দিকে রকেট ছোড়ে। এরপর থেকেই সীমান্তজুড়ে পাল্টাপাল্টি হামলা চলছে।

এর মধ্যেই গত সপ্তাহে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, লেবানন ও ইসরায়েল ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে এবং জুনের শুরুতে আবারও আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে যুদ্ধবিরতি সম্প্রসারণের পরও দক্ষিণ লেবাননে গোলাগুলি ও বিমান হামলা থামেনি।

ইসরায়েল দাবি করছে, তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বিভিন্ন হামলায় বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী ও শিশুর মৃত্যুর ঘটনাও বাড়ছে। অন্যদিকে হিজবুল্লাহও উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে।

মঙ্গলবার (১৯ মে) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হি/জবুল্লাহর হাম/লায় তাদের আরও এক সেনা নিহত হয়েছেন। একই সময়ে হিজবুল্লাহ দাবি করেছে, হাদ্দাথা শহরের কাছে অগ্রসর হওয়ার চেষ্টা করা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে এবং তারা একটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। সূত্র: বিবিসি

AS
আরও পড়ুন