ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বিরোধ নিরসনে এমন কোনো চুক্তি তেহরান গ্রহণ করবে না, যেখানে ইরানি জনগণের অধিকার সুরক্ষার বিষয়ে নিশ্চিত নিশ্চয়তা থাকবে না।
রোববার (৩১ মে) ভার্চ্যুয়াল পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যে কোনো সমঝোতার মূল শর্ত হলো ইরানের জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার বাস্তবভাবে নিশ্চিত হওয়া। এ বিষয়ে স্পষ্ট ও নির্ভরযোগ্য ফলাফল ছাড়া কোনো চুক্তিতে অগ্রসর হওয়ার প্রশ্নই আসে না।
পুনর্নির্বাচিত পার্লামেন্ট স্পিকার হিসেবে শপথ গ্রহণের পর দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, প্রতিপক্ষের বক্তব্য, প্রতিশ্রুতি কিংবা মৌখিক আশ্বাসের ওপর ইরানের কোনো আস্থা নেই। তেহরানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তব ও দৃশ্যমান ফলাফল অর্জন।
তিনি আরও বলেন, ইরান নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের আগে অপর পক্ষের পদক্ষেপ থেকে সুনির্দিষ্ট ফল দেখতে চায়। তার ভাষায়, কথার চেয়ে কার্যকর পদক্ষেপই ইরানের কাছে গ্রহণযোগ্যতার একমাত্র মানদণ্ড।
গালিবাফের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিভিন্ন প্রস্তাব ও বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। তবে তেহরান বারবার জানিয়ে আসছে, কেবল প্রতিশ্রুতির ভিত্তিতে নয়, বরং বাস্তব ফলাফল নিশ্চিত হলেই তারা পরবর্তী কোনো অঙ্গীকারে এগোবে। সূত্র: আলজাজিরা
হরমুজ সংকটে বিপর্যস্ত ইরানের উপকূলীয় অর্থনীতি
মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের