কুয়েত ও বাহরাইনে হামলায় ইরানকে লেবাননের নিন্দা

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন কুয়েত ও বাহরাইনে বেসামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ ধরনের হামলাকে সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।

প্রেসিডেন্টের দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, জোসেফ আউন কুয়েত ও বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি আঞ্চলিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা ব্যক্ত করে উত্তেজনা বৃদ্ধি রোধে সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক এসব হামলার পরিণতি থেকে পুরো অঞ্চলকে রক্ষা করা জরুরি। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও অস্থিরতা ছড়িয়ে পড়লে তার প্রভাব বিস্তৃত পরিসরে পড়তে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন লেবাননের প্রেসিডেন্ট।

জোসেফ আউন আরও বলেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুধু সংশ্লিষ্ট দেশের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও দুর্বল করে দেয়। পরিস্থিতি যাতে আরও অবনতির দিকে না যায়, সে জন্য সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন