লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আউনের সমালোচনা করেন এবং তাকে রাজনৈতিক বিশ্বাসঘাতকতার ইঙ্গিত দেন।
আরবি ভাষায়, লেবাননি উপভাষা ব্যবহার করে দেওয়া ওই বার্তায় বাঘাই লেখেন, ‘যে তার পাশে দাঁড়িয়েছিল তাকে বিক্রি করে দেয়, আর যে তার বিরুদ্ধে দাঁড়ায় তাকে বেছে নেয়। যে তাকে সমর্থন করেছিল তাকে ছেড়ে দেয়, আর যে তাকে শ্বাসরোধ করেছিল তার পেছনে চলে যায়।’
যদিও তিনি সরাসরি জোসেফ আউনের নাম উল্লেখ করেননি, তবে বার্তাটি লেবাননের প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে।
এর আগে আউন বলেছিলেন, সাম্প্রতিক আলোচনাগুলো কঠিন ছিল, তবে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের আলোচনায় লেবাননকে ‘দরকষাকষির হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে।
আউনের এই বক্তব্যের পরই তেহরানের পক্ষ থেকে প্রকাশ্যে এমন প্রতিক্রিয়া এলো, যা দুই পক্ষের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আলজাজিরা
‘এটি আপনাদের দেশ নয়', ইরানকে আউনের কড়া বার্তা