হুথি হুমকিতে সৌদি আরব নিয়ে জাতিসংঘের উদ্বেগ

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবের বিরুদ্ধে নতুন করে দেওয়া হুমকি এবং লোহিত সাগরে নৌ চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি অবিলম্বে উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, হুথিদের হামলা থেকে বাণিজ্যিক ও পণ্যবাহী জাহাজ সুরক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০২৪ সালের ২৭২২ নম্বর প্রস্তাব এবং পরবর্তী সংশ্লিষ্ট প্রস্তাবগুলো পুরোপুরি মেনে চলতে হবে।

তিনি জানান, ইয়েমেনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ রোববার রিয়াদে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি, ইয়েমেনে সৌদি আরবের রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের এবং নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর আলোচনার জন্য মাসকাটে পৌঁছেছেন।

দুজারিক বলেন, বৈঠকে মূলত উত্তেজনা প্রশমন এবং ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির অর্জনগুলো ধরে রাখতে পক্ষগুলোর মধ্যে ভবিষ্যৎ পথ নির্ধারণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রুন্ডবার্গ জোর দিয়ে বলেছেন, ইয়েমেনকে বৃহত্তর আঞ্চলিক উত্তেজনা থেকে দূরে রাখা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, ইয়েমেনিদের নেতৃত্বাধীন রাজনৈতিক প্রক্রিয়ার সুযোগ অক্ষুণ্ণ রাখা জরুরি, যাতে দীর্ঘদিনের সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব হয়।

এদিকে, সৌদি আরবের বিরুদ্ধে হুথি সামরিক মুখপাত্রের অভিযোগের নিন্দা জানিয়েছে কাতার। হুথি মুখপাত্র সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনিদের অবরুদ্ধ করা এবং সমুদ্র অবরোধ আরোপের অভিযোগ করেছিলেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইয়েমেনসংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা নেওয়া। এর মধ্যে রয়েছে ইয়েমেন বিষয়ে ২২১৬ নম্বর প্রস্তাব এবং লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে ২৭২২ নম্বর প্রস্তাব। দেশটি বলেছে, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচল আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি।

কাতার সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নেওয়া পদক্ষেপগুলোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছে, সৌদি আরবের নিরাপত্তা কাতার ও উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর নিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।

একইভাবে হুথিদের বক্তব্যের নিন্দা জানিয়েছে কুয়েতও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের নিরাপত্তা কুয়েতের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। পাশাপাশি লোহিত সাগরে নৌ চলাচলের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জাতিসংঘ প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়েছে তারা।

জর্ডানও সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে, ইয়েমেনিদের ওপর সৌদি আরব অবরোধ আরোপ করেছে, এমন দাবি ভিত্তিহীন। জর্ডান সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে।

এর আগে সোমবার সৌদি আরবও হুথিদের অভিযোগ প্রত্যাখ্যান করে। ইরান সমর্থিত এই গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে তথাকথিত নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগগুলোকে মিথ্যা বলে উল্লেখ করে। একই সঙ্গে হুথিদের এসব দাবির নিন্দা জানায় রিয়াদ।

Attr/AHA
আরও পড়ুন