প্রতিরোধ, সংহতি ও জাতীয় ঐক্যের মাধ্যমে ইরানের জনগণ বিশ্বকে বিস্মিত করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, কঠিন সামরিক ও অর্থনৈতিক চাপের মধ্যেও ইরান ভেঙে পড়েনি; বরং আরও শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
রোববার (২৩ আগস্ট) সরকারি সপ্তাহের শুরু উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ইরানের জনগণ যে দৃঢ়তা ও ঐক্য দেখিয়েছে, তা ছিল উল্লেখ করার মতো একটি অর্জন।
পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় দেশের মানুষ একে অপরের পাশে দাঁড়িয়েছে। অর্থনৈতিক চাপ ও নানা সংকটের মধ্যেও এই ঐক্য ধরে রাখা ইরানের অন্যতম বড় শক্তি হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
ইরানের প্রেসিডেন্টের ভাষ্য, বাইরের শক্তিগুলো যে ফলাফল আশা করেছিল, বাস্তবে তা হয়নি। বরং ইরান এমন এক শক্তি হিসেবে উঠে এসেছে, যার প্রতিরোধ ও জাতীয় সংহতি বিশ্বকে বিস্মিত করেছে।
এ প্রসঙ্গেই ইরানকে আরেকটি ভেনেজুয়েলায় পরিণত করার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেন পেজেশকিয়ান। তবে সেই পরিকল্পনা সফল হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, শত্রুপক্ষের সর্বাত্মক অর্থনৈতিক চাপের মধ্যেও ইরানিদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেভাবে যুদ্ধের সময় জনগণ পরস্পরকে সহযোগিতা করেছে, সামনের দিনগুলোতেও একইভাবে একে অপরের পাশে থাকার আহ্বান জানান তিনি।
পেজেশকিয়ানের বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক চাপ আরোপের প্রস্তুতি নিচ্ছে এবং তেহরানও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট মোকাবিলার চেষ্টা করছে। সূত্র: ডন
যুক্তরাষ্ট্রের সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত ইরান: মোহেবি
ইরানের সামনে যুক্তরাষ্ট্রের দুর্বলতা পরিষ্কার: আরাঘচি
যুক্তরাষ্ট্র আচরণ না বদলালে হরমুজ বন্ধই থাকবে: রেজাই