তেহরানের অনুমতি ছাড়া হরমুজ খুলবে না: আজিজি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

ইরানের অনুমতি ছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের হুমকি বাস্তবায়নের সক্ষমতা ইতোমধ্যে প্রমাণ করেছে তেহরান।

ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে ডন জানিয়েছে, আজিজি স্পষ্ট করে বলেছেন, ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি খোলার কোনো সুযোগ নেই। তার বক্তব্য এমন সময়ে এল, যখন প্রণালিটি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আবারও বেড়েছে।

আজিজির মন্তব্যের আগে ইরানের কর্মকর্তারা হরমুজে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে তেহরানের কর্তৃত্বের কথা বলে আসছিলেন। ২৯ আগস্টও আজিজি বলেছিলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করবে ইরান।

বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরান সম্প্রতি প্রণালি দিয়ে চলাচল নিষিদ্ধ জাহাজের তালিকায় আরও ১১টি জাহাজ যুক্ত করেছে। এতে নিষিদ্ধ জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬-তে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে সরবরাহ হয়। ফলে এ পথে চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারেও এর প্রভাব পড়ছে।

তেহরানের সর্বশেষ অবস্থান থেকে স্পষ্ট, হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু করার বিষয়টি কেবল সামরিক পরিস্থিতির ওপর নয়, ইরানের সম্মতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের গতিপথের ওপরও নির্ভর করছে। সূত্র: ডন

এএস
আরও পড়ুন