দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা একটি কৌশলগত পাহাড়ি এলাকায় ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযান চালালে তার জবাব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় পরিসরে দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। বিষয়টি সম্পর্কে অবহিত তিন আঞ্চলিক কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, দক্ষিণ লেবাননের ওই পাহাড়ি এলাকায় ইরানের সামরিক সদস্যরা হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে অবস্থান করছেন। সেখানে ইসরায়েল পূর্ণাঙ্গ অভিযান চালালে তেহরান বড় ধরনের হামলা চালিয়ে এর জবাব দেবে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের এই বার্তা গত আগস্টে ওমানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছানো হয়। এর মাধ্যমে দক্ষিণ লেবাননে ইরানের সরাসরি সম্পৃক্ততা এবং সেখানে থাকা নিজেদের সামরিক সদস্যদের রক্ষায় তেহরানের প্রস্তুতির বিষয়টি সামনে এসেছে।
আলি আল-তাহের রিজ নামে পরিচিত ওই পাহাড়ি এলাকা দক্ষিণ-পূর্ব লেবাননের ওপর কৌশলগত নজরদারির সুবিধা দেয়। এলাকাটিতে হিজবুল্লাহর ভূগর্ভস্থ কমান্ড সেন্টার ও অস্ত্রের মজুত রয়েছে বলে ধারণা করা হয়। ফলে এটি ইসরায়েল ও হিজবুল্লাহর চলমান সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিতর্কিত এলাকায় পরিণত হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ওই এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। একই সঙ্গে সরবরাহপথ বিচ্ছিন্ন করে সেখানে অবস্থানরত যোদ্ধাদের ওপর চাপ বাড়ানো হচ্ছে। তবে ওই পাহাড়ি এলাকা দখলে ইসরায়েল সরাসরি বড় অভিযান চালাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
ইরানের সর্বশেষ সতর্কবার্তা এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেও নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। ফলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান হলে সেটি শুধু ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাতেই সীমাবদ্ধ না থেকে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: ডন
তেহরানের অনুমতি ছাড়া হরমুজ খুলবে না: আজিজি
কুয়েত-আমিরাতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
জাতীয় স্বার্থে পূর্ণ শক্তিতে মাঠে নামবে ইরানের সেনাবাহিনী