আরব ও ইরানের সার্বভৌমত্ব মানে না যুক্তরাষ্ট্র: আরাঘচি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

যুক্তরাষ্ট্র ইরানে পাশাপাশি আরব দেশগুলোরও সার্বভৌমত্বও সম্মান করে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

আরাঘচি প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দেওয়ার আগে ইরানকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। তাঁর দাবি, ইরানে যুক্তরাষ্ট্রের প্রাথমিক হামলার সময় আরব দেশগুলোর আকাশসীমা, স্থল ও জলসীমা ব্যবহার করা হয়েছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব হামলায় নিরপরাধ ইরানিরা নিহত হয়েছেন। ফলে আরব ও ইরানের সার্বভৌমত্বকে সম্মান না করা কোনো আগ্রাসনের জবাব দিতে তেহরানকে কতক্ষণ অপেক্ষা করা উচিত, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীকে সে প্রশ্নই করেন তিনি।

এর আগে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের হামলার মাত্র দুই ঘণ্টার মধ্যে ইরান জর্ডানসহ কয়েকটি আরব দেশে হামলা চালায়। তাঁর মতে, এত দ্রুত হামলা হওয়ায় সেটিকে পাল্টা জবাব হিসেবে দেখার সুযোগ কম এবং এটি আগে থেকেই পরিকল্পিত নীতির অংশ।

সাফাদির ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন, আগ্রাসনের জবাব দেওয়ার আগে ইরানকে কতক্ষণ অপেক্ষা করতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরানে প্রাণঘাতী মার্কিন হামলা আরব দেশগুলোর ভূখণ্ড থেকে পরিচালিত হয়েছিল। সূত্র: ডন

এএস
আরও পড়ুন