যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজের দিকে ইরানীয় বিপ্লবী গার্ড বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর পাল্টা হামলায় তিনটি ইরানি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইরানি তেলবাহী জাহাজগুলোতে হামলা চালানো হয়। এর আগে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছিল, খার্গ দ্বীপের কাছে একটি ইরানি তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। রয়টার্সও জানিয়েছে, খার্গ দ্বীপের কাছে একটি ইরানি ট্যাংকারে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ক্ষেপণাস্ত্র ছোড়ার পরই ইরানি তেলবাহী জাহাজগুলোতে হামলা চালানো হয়।
বিবৃতিতে কুপার বলেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জন্য বার্তাটি পরিষ্কার, তারা যদি যুক্তরাষ্ট্রের দুটি জাহাজে হামলা চালায়, তাহলে তাদের ওপর আরও বড় অর্থনৈতিক মূল্য চাপিয়ে দেওয়া হবে; সে কারণেই তিনটি ইরানি জাহাজে আঘাত করা হয়েছে।
খার্গ দ্বীপ ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। সাম্প্রতিক সময়ে সেখানে মার্কিন হামলার হুমকি ও তেলবাহী জাহাজে হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলের জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: আলজাজিরা
'ইরানের পিকঅ্যাক্স পর্বতে পারমাণবিক হামলা চালিয়েও লাভ হবে না'
হরমুজে নজরদারিতে পি-৮ পোসাইডন বিমান পাঠাবে দক্ষিণ কোরিয়া