অস্তিত্ব রক্ষার যুদ্ধে লড়ছে ইরান: কাশকাভি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান অস্তিত্ব রক্ষার যুদ্ধে লড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক সংসদীয় কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি। একই সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ওপর মার্কিন নৌ অবরোধ জোরদারের মধ্যেই এমন মন্তব্য করলেন কাশকাভি। তিনি বলেন, এই অবরোধের কোনোভাবেই অস্তিত্ব থাকা উচিত ছিল না।

কাশকাভির ভাষ্য, চার দিন আগে কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট জানিয়েছিলেন, তেহরান আবারও আলোচনায় ফিরতে প্রস্তুত। কিন্তু মার্কিন কর্মকর্তারা সেই বার্তাকে গুরুত্ব না দিয়ে উল্টো অবরোধ আরও কঠোর করছেন।

তিনি বলেন, একদিকে ইরান আলোচনার মাধ্যমে সংকট নিরসনের প্রস্তুতি জানাচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র অবরোধ ও সামরিক চাপ বাড়িয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা এরই মধ্যে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের যুদ্ধজাহাজগুলো হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। এর পরদিন মার্কিন বাহিনী তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়।

তেহরানের পক্ষ থেকে এই সংঘাতকে সামরিক লড়াইয়ের পাশাপাশি অর্থনৈতিক ও নৌ অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবেও তুলে ধরা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও ইরানের তেল পরিবহনে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে।

কাশকাভির বক্তব্যে স্পষ্ট, সামরিক চাপের পাশাপাশি আলোচনার পথও তেহরান পুরোপুরি বন্ধ করতে চাইছে না। তবে ইরানের অবস্থান হলো, অবরোধ ও চাপের মধ্যে কোনো সমাধানের পরিবর্তে যুক্তরাষ্ট্রকে আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। সূত্র: ডন

এএস
আরও পড়ুন