যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহী নীতিই বিশ্বে ক্ষমতার ভারসাম্য ও অর্থনৈতিক প্রভাবের কাঠামো বদলে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহিম সাফাভি।
ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে ডন জানায়, সাফাভি বলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহী কর্মকাণ্ড বিশ্বে ক্ষমতার ভারসাম্য এবং অর্থনৈতিক ভূগোলের পরিবর্তনকে ত্বরান্বিত করার সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে। এর ফলে আন্তর্জাতিক ব্যবস্থায় পূর্বাঞ্চলীয় শক্তিগুলোর প্রভাব বাড়ার পথ আরও দ্রুত হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধে বিজয় অর্জনের দাবি নিয়েও কটাক্ষ করেন সাফাভি। তাঁর মতে, বিজয় অর্জনের ভান করা আসলে পরাজয়েরই লক্ষণ। একই সঙ্গে এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষমতা ও নিরাপত্তায় বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থার বাস্তবতাও মেনে নেওয়া হচ্ছে।
সাফাভি বলেন, যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে নিজের প্রভাব ধরে রাখার চেষ্টা করলেও এর ফল উল্টো হয়েছে। ওয়াশিংটনের যুদ্ধংদেহী নীতিই বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য বদলের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে বলে দাবি করেন তিনি।
ইরানের এই শীর্ষ সামরিক উপদেষ্টার মন্তব্য এমন সময়ে এল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলা ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত। তেহরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও এককেন্দ্রিক প্রভাবের সমালোচনা করে আসছে। একই সঙ্গে আন্তর্জাতিক ব্যবস্থায় একাধিক শক্তিকেন্দ্রের বিকাশের পক্ষে অবস্থান নিয়ে আসছে ইরান।
সাফাভির বক্তব্যে সেই অবস্থানই আরও স্পষ্ট হয়েছে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহী নীতি শেষ পর্যন্ত বিশ্বশক্তির ভারসাম্য পরিবর্তনের গতি বাড়িয়েছে এবং আন্তর্জাতিক ক্ষমতা ও নিরাপত্তার ক্ষেত্রে বহুমেরুকেন্দ্রিক নতুন বাস্তবতা প্রতিষ্ঠার পথ তৈরি করেছে। সূত্র: ডন
ইরানের পরমাণু ইস্যু জাতিসংঘে পাঠানোর সিদ্ধান্ত ভিত্তিহীন: গারিবাবাদি
ইরানের জাহান্নাম খ্যাত ক্ষেপণাস্ত্র ‘কাসেম বশির’ উন্মোচন
হরমুজ প্রণালিতে আরও কমলো জাহাজ চলাচল