ইসরায়েলগামী বিমানে মাঝ আকাশে দুই পাইলটের মারামারি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী উড়োজাহাজে মাঝ আকাশে দুই পাইলটের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এ ঘটনায় এক পাইলট একাধিক ছুরিকাঘাতে আহত হয়েছেন। পরে উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে ফ্লাইট এফজেড১০৭৩ থেকে জরুরি সংকেত ৭৭০০ পাঠানো হয়। এই সংকেত উড়োজাহাজে জরুরি পরিস্থিতি তৈরি হওয়ার ইঙ্গিত দেয়। এর কয়েক মিনিট পর ককপিট থেকে ৭৫০০ সংকেত পাঠানো হয়, যা উড়োজাহাজ ছিনতাইয়ের আশঙ্কার সংকেত হিসেবে ব্যবহৃত হয়।

এতে উড়োজাহাজটি ছিনতাই হয়েছে, এমন আশঙ্কা তৈরি হয় এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী প্রায় ২০ মিনিট পর নিরাপত্তা বৈঠকে বসেন। পরে জানা যায়, উড়োজাহাজটি সৌদি আরবের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং দুটি ইসরায়েলি যুদ্ধবিমান সেটিকে অনুসরণ করছে।

পাইলটদের মধ্যে সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ইসরায়েলি সংবাদমাধ্যমে যাত্রীদের বরাতে ককপিটে প্রচুর রক্ত থাকার কথা বলা হয়েছে। এক যাত্রী জানান, ককপিট থেকে চিৎকারের শব্দ শুনে কয়েক মিনিটের জন্য যাত্রীরা মনে করেছিলেন, তারা হয়তো মারা যাবেন বা উড়োজাহাজটি বিধ্বস্ত হবে।

ওই যাত্রীর ভাষ্য অনুযায়ী, কয়েকজন ইসরায়েলি যাত্রী হামলাকারীকে ধরে মেঝেতে চেপে রাখেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সকাল পৌনে ১০টার দিকে উড়োজাহাজটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে। আহত পাইলটকে সেখানে চিকিৎসার জন্য নেওয়া হয়।

ঘটনার পর ফ্লাইদুবাই এক বিবৃতিতে জানায়, ৩০ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়া এফজেড১০৭৩ ফ্লাইটটি মাঝপথে একটি ঘটনার মুখে পড়ে। তবে উড়োজাহাজটি নিরাপদে তাবুক বিমানবন্দরে অবতরণ করেছে এবং সব যাত্রী নিরাপদ ও হিসাবের মধ্যে রয়েছেন।

ফ্লাইদুবাই আরও জানায়, ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তাদের দল। অতিরিক্ত নিশ্চিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটির গতিপথ পরিবর্তনের সঙ্গে কোনো অপহরণ বা ছিনতাইয়ের ঘটনা জড়িত নয়। এদিকে পাইলটদের মধ্যে সংঘর্ষের প্রকৃত কারণ এবং উড়োজাহাজে কীভাবে পরিস্থিতির সূত্রপাত হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। সূত্র: আরব নিউজ

এএস
আরও পড়ুন