নতুন প্রতিরক্ষামন্ত্রীকে সামরিক শক্তি বাড়াতে ইরানি সেনাপ্রধানের তাগিদ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘিকে দেশের সামরিক শক্তি বাড়াতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। সাম্প্রতিক যুদ্ধ ও বহুমুখী নিষেধাজ্ঞার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে নিজস্ব প্রযুক্তি, উদ্ভাবন, স্বনির্ভরতা এবং বিশেষজ্ঞদের দক্ষতার ওপর নির্ভরতা বাড়ানো জরুরি। একই সঙ্গে সামরিক বাহিনীর যুদ্ধপ্রস্তুতি উন্নত করা, প্রতিপক্ষকে হামলা থেকে নিবৃত্ত রাখার সক্ষমতা শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) নতুন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়ে দেওয়া এক বার্তায় হাতামি এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, আখলাঘির নেতৃত্বে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

ইরানের সেনাপ্রধান বলেন, সাম্প্রতিক দুই যুদ্ধ এবং বহুমুখী নিষেধাজ্ঞা দেশটির প্রতিরক্ষা শক্তির জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। এসব অভিজ্ঞতা দেখিয়েছে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নির্ভর করছে নিজস্ব সামর্থ্য, উদ্ভাবন, আত্মনির্ভরতা এবং বিশেষজ্ঞদের জ্ঞান ও দক্ষতার ওপর।

সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন হাতামি। তিনি বলেন, সেনাবাহিনীর কাছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা কৌশলগতভাবে অপরিহার্য। দেশীয় প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম তৈরি এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও সক্ষমতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।

এদিকে, রোববার ইরানের পার্লামেন্টে ২৩৭টি ভোট পেয়ে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন পেয়েছেন মেহরদাদ আখলাঘি। তিনি আজিজ নাসিরজাদেহর স্থলাভিষিক্ত হয়েছেন। গত ফেব্রুয়ারিতে যুদ্ধের প্রথম দিন হামলায় নিহত হন নাসিরজাদেহ।

নতুন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সেনাপ্রধানের এই বার্তায় ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উৎপাদন এবং প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জনের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত