'ইরানের নতুন রণকৌশলে যুক্তরাষ্ট্র-ইসরায়েল দিশেহারা হয়ে যাবে'

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পিএম

ইরানের নতুন রণপরিকল্পনায় এমন এক অচেনা যুদ্ধক্ষেত্রের মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যেখানে তাদের পরিচিত সামরিক কৌশল আর আগের মতো কাজে নাও আসতে পারে। তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই বলেছেন, নতুন করে সামরিক আগ্রাসন চালানো হলে ইরানের জবাব হবে তাদের পরিচিত যুদ্ধের হিসাব-নিকাশের বাইরে। সম্ভাব্য যেকোনো নতুন অভিযানের মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যে পরিকল্পনা প্রস্তুত করেছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, ইরানের নতুন অভিযান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচিত নিয়মে পরিচালিত হবে না। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বারবার হুমকি এবং বাস্তবতাবিবর্জিত বক্তব্যও মাটির পরিস্থিতি বদলাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কথিত ‘সব বোমার জননী’ ব্যবহারের পরিকল্পনা করছে, এমন খবরের মধ্যে রেজাইয়ের এই বক্তব্য সামনে এল। মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী প্রচলিত অ-পারমাণবিক বোমা হিসেবে পরিচিত জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বা মোয়াব ব্যবহারের সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে ইরানের বিরুদ্ধে এই বোমা ব্যবহারের পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়নি।

মার্কিন বাহিনী ২০০০-এর দশকে তৈরি এই বোমা প্রথম ও এখন পর্যন্ত একবারই ব্যবহার করেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আফগানিস্তানে বোমাটি নিক্ষেপ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, নানগারহার প্রদেশের আচিন জেলায় একটি সুড়ঙ্গ কমপ্লেক্স লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ওই হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একজন শিক্ষক ও তাঁর ছোট ছেলেও ছিলেন।

‘বোমার হুমকিতে ভয় পাবে না ইরান’

এদিকে মোয়াব ব্যবহারের হুমকিসহ যেকোনো সামরিক হুমকি মোকাবিলায় ইরানের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর নির্বাহী বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ। রোববার তিনি বলেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তাঁর মতে, এসব হুমকি ইরানের জনগণকে ভয় দেখিয়ে নিজেদের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য করার প্রচারণার অংশ।

‘সব বোমার জননী’ প্রসঙ্গে শেখ ইরানের জনগণকে ‘সব বোমার পিতা’ হিসেবে অভিহিত করেন। তাঁর বক্তব্য, ইরানের জনগণ শত্রুপক্ষের কৌশলে এমন ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে, যা যুক্তরাষ্ট্রের কল্পনারও বাইরে।

তিনি আরও বলেন, এমন একটি জাতির বিরুদ্ধে শত্রুপক্ষ নিজেদের লক্ষ্য অর্জন করতে পারবে না। কারণ, বোমা দিয়ে কোনো সভ্যতাকে ধ্বংস করা যায় না।

ইরানের সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, বাহিনীর সামরিক সরঞ্জাম আধুনিকায়ন করা হয়েছে এবং যেকোনো হুমকির জবাব দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। তাঁর ভাষায়, তাদের ‘আঙুল ট্রিগারেই রয়েছে’। সূত্র: প্রেস টিভি  

এএস
আরও পড়ুন