নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহযোগিতা জোরদারে একমত ইরান-চীন

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম

বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে ইরান ও চীন। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার হুমকি মোকাবিলায় দুই দেশ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

গারিবাবাদি জানান, আলোচনায় জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, একতরফা সিদ্ধান্ত ও পদক্ষেপ মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য বিদ্যমান হুমকি নিয়ে গুরুত্ব দেওয়া হয়। এসব ক্ষেত্রে ইরান ও চীনের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

ইরানের এই উপমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে তেহরান ও বেইজিং একই অবস্থানে রয়েছে। উন্নয়নশীল দেশগুলোর পারস্পরিক সহযোগিতা জোরদার করার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তাদের স্বার্থ ও অবস্থান তুলে ধরার বিষয়টি এ আলোচনার গুরুত্বপূর্ণ অংশ।

তবে বৈঠকে নির্দিষ্ট কোনো নতুন চুক্তি বা যৌথ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে গারিবাবাদির পোস্টে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত