মোজতবা খামেনির শাসনব্যবস্থা উচ্ছেদে মোসাদকে নেতানিয়াহুর নির্দেশ 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ এএম

তেহরানের পারমাণবিক হুমকি চিরতরে দূর করতে ইরানি শাসনব্যবস্থা উচ্ছেদের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), মোসাদ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২২ অক্টোবর) একটি সামরিক কর্মকর্তা কোর্সের সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এই নির্দেশের দেন। 

নেতানিয়াহু জানান, অপারেশন রাইজিং লায়নের পর ইরান পুনরায় তাদের পারমাণবিক কার্যক্রম শুরু করে পাহাড়ের গভীরে তা লুকানোর চেষ্টা করছিল। এর জবাবে পরিচালিত যৌথ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অপারেশন রোরিং লায়ন হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন। তার স্থলাভিষিক্ত হওয়া ছেলে মোজতবা খামেনি পুনরায় পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের কথা উল্লেখ করে নেতানিয়াহু জানান, ওয়াশিংটন ইসরায়েলের সঙ্গে যৌথভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুত। সেই সঙ্গে তিনি হামাস ও হিজবুল্লাহর মতো অক্ষশক্তিকে সম্পূর্ণ নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 অনুষ্ঠানে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করে বলেন, ২৭ অক্টোবরের নেসেট নির্বাচনকে প্রভাবিত করতে ইরান বা তার সমর্থিত গোষ্ঠী আক্রমণ চালালে ইরানকে জ্বালিয়ে দেওয়া হবে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে পারমাণবিক সুবিধা ধ্বংসকে নিজেদের বড় সাফল্য দাবি করে জানান, ইরানের সঙ্গে খুব শীঘ্রই কোনো বড় ধরনের উন্নয়ন ঘটার সম্ভাবনা রয়েছে।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

এমএজেড
আরও পড়ুন