আগামী বছর ইসরাইলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মশাল প্রজ্বালনের আমন্ত্রণ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে বিমান দুর্ঘটনা ঠেকানো পাইলট স্মিত মাচ্ছরকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
মোদি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি যে পোস্ট দিয়েছেন, তাতেও আমন্ত্রণের বিষয়টি উল্লেখ ছিল না। সরকারি বিবৃতিতেও বিষয়টি উল্লেখ ছিল না।
নেতানিয়াহুর সঙ্গে কথোপকথন প্রসঙ্গে মোদি এক্সে লিখেছেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে একটি ফোন পেয়েছি। আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছি এবং অংশীদারত্বকে আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। এ ছাড়া পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আমাদের আলোচনা হয়েছে এবং ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জরুরি প্রয়োজনের ওপর জোর দিয়েছি।’
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি সংকট সমাধানের পথ হিসেবে আলোচনা ও কূটনীতির ওপর ভারতের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
‘এক্স’-এ নিজের পোস্টে নেতানিয়াহু জানিয়েছেন, তিনি মোদিকে ‘ইসরাইলের স্বাধীনতা দিবসে একজন সাহসী ভারতীয় পাইলটের সঙ্গে মশাল প্রজ্বলন করার’ আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি আরও লিখেছেন, ‘মোদি এই আমন্ত্রণের জন্য আমাকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, স্থলপথ ও আকাশপথ—উভয় ক্ষেত্রেই ভারত ও ইসরাইল একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। তিনি আমাদের মধ্যকার শক্তিশালী ও কয়েক দশকের পুরনো সম্পর্কেরও প্রশংসা করেছেন।’ সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া
১০ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
সৌদির দুই বিমানবন্দরে ‘সব ধরনের ভ্রমণ’ এড়াতে কানাডার সতর্কতা
কালীগঞ্জে টহলরত পুলিশের ওপর কাভার্ড ভ্যানের চাপা, এসআই মিজানসহ নিহত ২