ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় আমিরাতের সব সৈকত বন্ধ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ এএম

তেলবাহী ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উম্ম আল কুয়াইন এলাকার সব সৈকত ও উপকূলীয় অঞ্চল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, তেল ছড়িয়ে পড়ার প্রভাব পড়েছে ওই এলাকার সৈকতগুলোতে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ এবং দূষণ পরিষ্কারের কাজ চলছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

তেল ছড়িয়ে পড়ার ঘটনায় শারজাহ, আজমান ও উম্ম আল কুয়াইন এলাকায় দুর্গন্ধ শনাক্ত হয়েছে। তবে এই দুর্গন্ধে জনস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পরিবেশ মন্ত্রণালয়।

একই সঙ্গে জেলেসহ সমুদ্রে যাতায়াতকারী অন্যান্য ব্যক্তিকে তেলদূষণে আক্রান্ত এলাকাগুলো এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

তেল ছড়িয়ে পড়ার ঘটনায় উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কতটুকু এলাকায় তেল ছড়িয়েছে, কী পরিমাণ তেল সমুদ্রে মিশেছে এবং সামুদ্রিক প্রাণীর ওপর এর কী প্রভাব পড়েছে—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উপকূলীয় এলাকায় প্রবেশে সতর্কতা অবলম্বন এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এমএজেড
আরও পড়ুন