যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা ইরানের

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি সংস্থাগুলোতে মামলা করার উদ্যোগ নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইসমাইল কৌসারি বলেছেন, যুক্তরাষ্ট্রের অবরোধকে অবৈধ উল্লেখ করে এর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে তেহরান।

শুক্রবার (২৩ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান কৌসারি।

তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রধান দায়িত্ব ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগের। অবরোধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে এই দুই প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

কৌসারির দাবি, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর আইনি পদক্ষেপ নেওয়ার এখতিয়ার রয়েছে। তবে তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের দায়িত্ব ও অঙ্গীকার যথাযথভাবে পালন করেনি।

তিনি ইরানের বিচার বিভাগের প্রতি অবরোধের কারণে দেশটির সাধারণ মানুষের জীবিকা ও স্বাস্থ্যের ওপর সৃষ্ট নেতিবাচক প্রভাবের তথ্যপ্রমাণ সংগ্রহের আহ্বান জানান।

কৌসারির মতে, এসব ক্ষয়ক্ষতির নথি ও প্রমাণ সংরক্ষণ করা গেলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইরানি এই আইনপ্রণেতা অবরোধের ফলে মানুষের দৈনন্দিন জীবন, জীবিকা ও স্বাস্থ্য খাতে কী ধরনের প্রভাব পড়ছে, তা বিস্তারিতভাবে নথিবদ্ধ করার ওপর গুরুত্ব দিয়েছেন।

তবে সম্ভাব্য মামলাটি কোন আন্তর্জাতিক আদালত বা সংস্থায় দায়ের করা হবে, কবে অভিযোগ জমা দেওয়া হবে কিংবা কী আইনি ভিত্তিতে মামলা পরিচালিত হবে—সাক্ষাৎকারে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এ ছাড়া ইরানের অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়ার কথাও মেহর নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: মেহর নিউজ এজেন্সি (এমএনএ)

এমএজেড
আরও পড়ুন