ইরানে তৃতীয় সামরিক প্রশিক্ষণকেন্দ্র চালু, এক মিলিয়ন স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণের পরিকল্পনা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

ইরানের রাজধানী তেহরানে তৃতীয় সামরিক প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে ১০ লাখ (এক মিলিয়ন) আধাসামরিক স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটি।

আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএর বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কার মধ্যেই এ উদ্যোগ নিয়েছে ইরান।

তেহরানে নতুন প্রশিক্ষণকেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট আধাসামরিক বাহিনী বাসিজের সদস্যরা।

এর আগে গত আগস্ট ও সেপ্টেম্বরে তেহরানে আরও দুটি সামরিক প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়েছিল। নতুন কেন্দ্রটি চালুর মধ্য দিয়ে রাজধানীতে এ ধরনের প্রশিক্ষণ অবকাঠামো আরও সম্প্রসারিত হলো।

বাসিজ বাহিনী ইরানের একটি স্বেচ্ছাসেবী আধাসামরিক সংগঠন, যা আইআরজিসির সঙ্গে যুক্ত। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামরিক প্রস্তুতির ক্ষেত্রে বাহিনীটির ভূমিকা রয়েছে।

এক মিলিয়ন স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ইরানের সামরিক ও প্রতিরক্ষা প্রস্তুতি জোরদারের একটি বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে প্রশিক্ষণের সময়সূচি, অংশগ্রহণকারীদের নির্বাচন এবং কর্মসূচির বিস্তারিত বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা অব্যাহত থাকায় ইরানের এই পদক্ষেপকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে তেহরান যে জনবল ও প্রতিরক্ষামূলক প্রস্তুতি বাড়াতে চাইছে, এ উদ্যোগে তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

 

এমএজেড
আরও পড়ুন