গাজায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে আরব লিগ। সাত মাস ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১৬ মে) বাহরাইনে ২২ দেশের এই জোটের সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
'মানামা ঘোষণা' নামের এই আহ্বানে ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) ব্যানারে ফিলিস্তিনের সকল গ্রুপকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এত বলা হয়, পিএলও হলো ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি। উল্লেখ্য, পিএলওতে সবচেয়ে প্রভাবশালী হলো ফাতাহ গ্রুপ।
আরব লিগ সম্মেলনে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় এবং ফিলিস্তিনি ভূখণ্ডে বলপূর্বক স্থানান্তর অবসানের দাবি জানানো হয়।
চূড়ান্ত ইসতেহারে বলা হয়, 'আমরা গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি, বলপূর্বক স্থানচ্যুতির চেষ্টা বন্ধ করতে বলছি, সকল ধরনের অবরোধের অবসান চাচ্ছি এবং অবাধ ও টেকসইভাবে সাহায্য প্রবেশের সুযোগ প্রদানের আহ্বান জানাচ্ছি।'
গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনের জাতিসংঘ পূর্ণ সদস্যপদের প্রস্তাবটি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস করে। সাধারণ পরিষদ বিষয়টি পুনঃবিবেচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিও আহ্বান জানায়।
উল্লেখ্য, নিরাপত্তা পরিষদে মার্কিন ভেটোর কারণে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাচ্ছে না ফিলিস্তিন। অনুষ্ঠানে বক্তৃতাকালে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন। সূত্র : আরব নিউজ, আল জাজিরা

