যৌন অপরাধীর নথিতে মোদির নাম: প্রত্যাখ্যান ভারতের

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ এএম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নতুন গোপন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। গত শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথি, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিওর মধ্যে একটি ইমেইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে এসেছে। তবে এই দাবিকে সরাসরি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘জেরুজালেম পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, এপস্টেইনের একটি ইমেইলে দাবি করা হয়েছে, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার উপায় নিয়ে মোদি তার কাছে পরামর্শ চেয়েছিলেন। এপস্টেইন মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দেন এবং দাবি করেন যে, সেই পরামর্শ অনুযায়ী মোদি ইসরায়েল সফরে যান এবং সেখানে ‘নাচ-গান’ করেন।

উল্লেখ্য, ১৯৯২ সালে ইসরায়েলকে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার পর ২০১৭ সালে নরেন্দ্র মোদিই ছিলেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি দেশটি সফর করেন।

এপস্টেইনের ইমেইলে বলা হয়েছে, ‘ভারতীয় প্রধানমন্ত্রী পরামর্শ নেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচ-গান করেন। তারা কয়েক সপ্তাহ আগে দেখা করেছেন। এই পরামর্শ কাজে দিয়েছে।’

এপস্টেইন ফাইলের এই তথ্যকে চরম অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০১৭ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর ছিল একটি রাষ্ট্রীয় সফর। এর বাইরে এই ইমেইলের বাকি সমস্ত তথ্য একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর ‘কুৎসিত কল্পনা’ মাত্র। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের ভিত্তিহীন তথ্যকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া উচিত নয়।

সূত্র: জেরুজালেম পোস্ট

DR/SN
আরও পড়ুন