সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই ধৃষ্টতার ফল কী হবে তা বিশ্ব খুব শীঘ্রই দেখতে পাবে। নিউজ নেশন-এর সাংবাদিক কেলি মেয়ারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।
কেলি মেয়ার জানান, মার্কিন প্রেসিডেন্ট তাঁকে সরাসরি বলেছেন, ‘আপনি খুব শীঘ্রই জানতে পারবেন যে রিয়াদে আমাদের দূতাবাসে হামলার জবাব কী হবে। আমরা এটি হালকাভাবে নিচ্ছি না।’
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের কৌশল নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, তিনি এখনই ইরানের বিরুদ্ধে সরাসরি ‘স্থলবাহিনী’ (Ground Troops) ব্যবহারের প্রয়োজনীয়তা দেখছেন না। ট্রাম্পের ভাষায়, ‘আমি মনে করি না ইরানের বিরুদ্ধে যুদ্ধে স্থলবাহিনী ব্যবহার করা প্রয়োজন হবে।’
যদিও মাত্র একদিন আগেই তিনি জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি মোটেও ভীত নন।
উল্লেখ্য, গত শনিবার ইরানে একযোগে ভয়াবহ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলার প্রতিশোধ হিসেবে ইরানও পাল্টা আঘাত শুরু করেছে। তেহরান বর্তমানে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রিয়াদে মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রিয়াদে মার্কিন দূতাবাসে জোড়া ড্রোন হামলা
