আমেরিকানদের ওপর আঘাতের পরিণতি মৃত্যু: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১২:২২ পিএম

বিশ্বের যেকোনো প্রান্তে আমেরিকানদের ওপর হামলার পরিণাম হবে ভয়াবহ এমনই এক চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় পেন্টাগন প্রধান স্পষ্ট করেছেন যে, মার্কিন নাগরিকদের নিরাপত্তায় কোনো প্রকার আপস করা হবে না।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাদের ভেরিফায়েড হ্যান্ডেল থেকে প্রতিরক্ষামন্ত্রীর এই কঠোর বার্তাটি প্রচার করেছে। এতে পিট হেগসেথ অত্যন্ত কড়া ভাষায় বলেন, ‘পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, যদি কেউ কোনো আমেরিকানকে হত্যা করে বা হুমকির মুখে ফেলে, তবে যুক্তরাষ্ট্র কোনো ক্ষমা বা দ্বিধা ছাড়াই তাদের খুঁজে বের করবে।’ তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমেরিকানদের ওপর আঘাতের পরিণতি হবে মৃত্যু।’

বার্তার সঙ্গে সেন্টকম ২১ সেকেন্ডের একটি বিশেষ ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। সেখানে মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন ‘আনক্লাসিফাইড’ বা প্রকাশযোগ্য অভিযানের দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, মার্কিন সেনারা নির্ভুল নিশানায় বিভিন্ন যানবাহন ও স্থাপনার ওপর বোমাবর্ষণ করে তা ধ্বংস করে দিচ্ছে। মূলত নিজেদের সামরিক সক্ষমতা ও ধ্বংসাত্মক শক্তির জানান দিতেই এই ভিডিওটি যুক্ত করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন স্বার্থ ও নাগরিকদের ওপর বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে পেন্টাগন প্রধানের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

NB/
আরও পড়ুন