হরমুজ প্রণালি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি বন্ধ রাখলে ইরানকে 'নরকে থাকতে হবে' বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। রোববার (৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি সরাসরি ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালি না খোলা হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে তাৎক্ষণিক ব্যাপক আকারে হামলা চালানো হতে পারে।

ট্রাম্প লিখেছেন, 'খুলুন এই নরক প্রণালিটি, না হলে আপনি নরকে থাকবেন, দেখেই নিন!' পাশাপাশি তিনি মঙ্গলবারকে (৭ এপ্রিল) উল্লেখ করেছেন 'পাওয়ার প্লান্ট ডে' এবং 'ব্রিজ ডে' হিসেবে, যা ইঙ্গিত দেয় যে হামলার লক্ষ্য হতে পারে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুসমূহ। 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুদ্ধ হয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শনিবার (৪ এপ্রিল) দেওয়া এক পোস্টে হরমুজ প্রণালি খুলতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন। সেই পোস্টে তিনি হুঁশিয়ারি দেন '৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে ইরানে নরক নেমে আসবে!'

হরমুজ প্রণালি শুধু একটি জ্বালানি রুট নয়, এটি আন্তর্জাতিক তেল বাজারের অন্যতম প্রধান পথ। প্রতিদিন এখানে চলাচল করে শত শত তেল ট্যাঙ্কার। প্রণালির বন্ধ থাকা মানে তেলের দাম বাড়ানো, বাজারে অস্থিরতা তৈরি এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর চাপ। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত