হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কাজ করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম

হরমুজ প্রণালিতে ইরানের পাতা সমুদ্র-মাইন সরাতে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এই বক্তব্য তুলে ধরেন, যেখানে তিনি চলমান পরিস্থিতিকে আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালিতে ইরানের একমাত্র অবশিষ্ট 'হুমকি' হলো সমুদ্র-মাইন, যা নাকি ইরানি নৌযানগুলো স্থাপন করেছে। তার ভাষায়, এই মাইনগুলো বিশ্বজুড়ে জ্বালানি পরিবহন ও বাণিজ্য রুটকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা জরুরি হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন প্রণালিটি 'পরিষ্কার করার' প্রক্রিয়া শুরু করেছে, যা বিশ্বের বহু দেশের জন্য একটি সহায়তামূলক পদক্ষেপ। ট্রাম্প উল্লেখ করেন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও জার্মানিসহ একাধিক দেশ এই রুটের ওপর নির্ভরশীল এবং তাদের স্বার্থ রক্ষায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

একই পোস্টে তিনি এসব দেশকে উদ্দেশ করে বলেন, তারা নিজেরা এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করার 'সাহস বা ইচ্ছা' দেখায়নি। তার এই মন্তব্যের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের ভূমিকাকে বৈশ্বিক দায়িত্ব হিসেবে তুলে ধরেছেন বলে ইঙ্গিত দেন। সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন