গাজা ও সিরিয়া নিয়ে নেতানিয়াহু-এরদোয়ান পাল্টাপাল্টি হুঁশিয়ারি

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম

গাজা এবং সিরিয়া ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মধ্যে বাকযুদ্ধ এক নতুন মাত্রায় পৌঁছেছে। সাম্প্রতিক ঘটনাবলি এবং পাল্টাপাল্টি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।

এক সময়ের কৌশলগত অংশীদার হওয়া সত্ত্বেও গত এক দশকে গাজা ও ফিলিস্তিন ইস্যুতে দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে। বর্তমানে তুরস্ক দক্ষিণ আফ্রিকা ও মালয়েশিয়াসহ আট দেশের একটি জোটকে সমর্থন দিচ্ছে, যার লক্ষ্য আন্তর্জাতিক আইনে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের বিরুদ্ধে ‘নিজ দেশের কুর্দি নাগরিকদের ওপর গণহত্যা’ এবং ‘ইরানের সন্ত্রাসী শাসন ও তাদের প্রক্সিদের মদত দেওয়ার’ অভিযোগ তুলেছেন। সাম্প্রতিক মাসগুলোতে আঙ্কারার সঙ্গে গ্রিস ও সাইপ্রাসের ঘনিষ্ঠতা বাড়ায় নেতানিয়াহুর তুরস্কবিরোধী সুর আরও কড়া হয়েছে।

তুরস্ক এই অভিযোগের কঠোর জবাব দিয়েছে। তুর্কি কর্মকর্তারা নেতানিয়াহুকে ‘এই যুগের হিটলার’ হিসেবে অভিহিত করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘নেতানিয়াহুর বর্তমান উদ্দেশ্য হলো চলমান শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করা এবং অঞ্চলে তার সম্প্রসারণবাদী নীতি অব্যাহত রাখা। এটি করতে ব্যর্থ হলে নিজ দেশেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং কারাগারে যেতে হবে।’

বিবৃতিতে আরও মনে করিয়ে দেওয়া হয় যে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েল গণহত্যার অভিযোগের মুখোমুখি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজও এরদোয়ানকে ‘মুসলিম ব্রাদারহুডপন্থি’ ও ‘কুর্দিদের গণহত্যাকারী’ বলে আক্রমণ করেছেন। কাৎজ আরও বলেন, এরদোয়ান একজন ‘কাগুজে বাঘ’ যিনি তুর্কি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কোনও জবাব দেননি।

পাল্টা জবাবে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বুরহানেত্তিন দুরান বলেন, নেতানিয়াহু গাজায় গণহত্যা চালিয়েছেন এবং নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এ অঞ্চলের সাতটি দেশে হামলা চালিয়েছেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু একজন অপরাধী যার নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং বর্তমানে তার কোনও বন্ধু নেই।’

সম্প্রতি নেতানিয়াহুর একটি টেলিভিশন ভাষণে পেছনে প্রদর্শিত মানচিত্র নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের মতে, ওই মানচিত্রে ফিলিস্তিনি এলাকাগুলো অন্তর্ভুক্ত করে ইসরায়েলের সীমানা বর্ধিত করে দেখানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

উত্তেজনার রেশ ধরে তুরস্ক ইতোমধ্যে ইসরায়েলি মালিকানাধীন ও সংশ্লিষ্ট জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ছাড়া তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় ইসরায়েলের অংশগ্রহণ স্থগিত করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি তুরস্কও আইসিজে-তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ দিয়েছে।

AHA
আরও পড়ুন