ইরান থেকে তেল নিতে পারবে না চীন, যুক্তরাষ্ট্রের হুমকি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, চীন যেন ইরান থেকে তেল নিতে না পারে, সে জন্য পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্কট বেসেন্ট বলেন, 'চীন তেল সংগ্রহ করতে পারে, তবে তা ইরানি তেল হওয়া চলবে না। আমরা হরমুজ প্রণালিতে ইরানি তেলবাহী চীনা ট্যাঙ্কারগুলোর পথ রোধ করব।' মূলত ইরানের আয়ের প্রধান উৎস তেলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি ইঙ্গিত দেন।

বক্তব্যে তিনি চীনের কড়া সমালোচনা করে তাদের 'অনির্ভরযোগ্য বৈশ্বিক অংশীদার' হিসেবে অভিহিত করেন। বেসেন্টের অভিযোগ, চীন বর্তমানে বড় পরিসরে জ্বালানি তেল মজুত করছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের রপ্তানি সীমিত করে দিয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি জানান, এই বিষয়টি নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হয়েছে।

এদিকে, মে মাসের মাঝামাঝিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের কথা রয়েছে। এই তেলের বিরোধ ট্রাম্পের সেই সফরকে ক্ষতিগ্রস্ত করবে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বেসেন্ট বলেন, 'আমাদের বার্তার মূল উদ্দেশ্য হলো স্থিতিশীলতা। গত গ্রীষ্ম থেকেই দুই দেশের সম্পর্কের শীর্ষ পর্যায়ে একটি যোগাযোগ ও স্থিতিশীলতা বজায় রয়েছে। আমি মনে করি, সংকট সমাধানে কার্যকর যোগাযোগই হলো আসল চাবিকাঠি।' সূত্র: আল-জাজিরা

YA/SN
আরও পড়ুন