ইরান সঙ্গে চুক্তিতে সই করতে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ এএম

ইরানের সঙ্গে কাঙ্ক্ষিত শান্তি চুক্তিটি সম্পন্ন হলে তা স্বাক্ষরের জন্য পাকিস্তান সফর করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এই সম্ভাবনার কথা জানিয়েছেন।

লাস ভেগাস সফরের উদ্দেশ্যে হেলিকপ্টারে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি।’ চুক্তি স্বাক্ষরের জন্য তিনি ইসলামাবাদে যেতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইতিবাচক সাড়া দিয়ে বলেন, ’হ্যাঁ, আমি যেতে পারি। যদি ইসলামাবাদে চুক্তি স্বাক্ষরের আয়োজন হয়, তবে আমি সেখানে যেতে পারি।’

উল্লেখ্য, ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনার লক্ষ্যে গত সপ্তাহান্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে সেই বৈঠকটি কোনো সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়াই শেষ হয়েছিল।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে দ্বিতীয় দফার বৈঠকের বিষয়ে প্রস্তুতি চলছে। এই আলোচনাটিও পুনরায় পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে বলে আভাস পাওয়া গেছে। যদি এই মধ্যস্থতা সফল হয়, তবে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষরের সাক্ষী হতে ট্রাম্পের পাকিস্তান সফরটি হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্র: এএফপি

NB/FJ
আরও পড়ুন