ইরানের জন্য 'ভাল ও বিচক্ষণ' চুক্তির এখনো সুযোগ রয়েছে

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম

ইরানকে লক্ষ্য করে সামরিক চাপ বজায় রেখেই কূটনৈতিক পথ খোলা রাখার বার্তা দিল যুক্তরাষ্ট্র। পেন্টাগনে ব্রিফিংয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, বর্তমান পরিস্থিতিতেও তেহরানের সামনে 'ভাল ও বিচক্ষণ' একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ এখনো বিদ্যমান।

শুক্রবার (২৪ এপ্রিল) পেন্টাগনে ব্রিফিংয়ের শুরুতে তিনি দাবি করেন, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানে 'নির্ণায়ক সামরিক ফলাফল' অর্জন করেছে। এই সাফল্যকে তিনি ভিয়েতনাম ও ইরাকের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধের সঙ্গে তুলনা করে দেখান, যেখানে বছর ধরে সংঘাত চলেছে।

হেগসেথ স্পষ্টভাবে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের এই সামরিক মিশন বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এবং এটি 'বিশ্বের জন্য একটি উপহার' হিসেবে কাজ করছে।

তিনি আরও জানান, অভিযানের নতুন পর্যায়ে প্রবেশ করা হয়েছে, যেখানে একদিকে সামরিক উপস্থিতি জোরদার রাখা হচ্ছে, অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখা হয়েছে। এই প্রেক্ষাপটেই ইরানকে একটি বাস্তবসম্মত ও বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে তিনি ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত কঠোর অবরোধের কথাও তুলে ধরেন। তার দাবি, এই অবরোধ প্রতিদিনই আরও শক্তিশালী হয়ে উঠছে এবং তা ইরানের ওপর চাপ বাড়াচ্ছে। সূত্র: বিবিসি

AS
আরও পড়ুন