মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে এমন মন্তব্য তিনি করেননি। বরং ইরান পরাজিত হলেও তাদের বিরুদ্ধে সামরিক লক্ষ্যমাত্রা অর্জনের কাজ এখনো বাকি বলে তিনি উল্লেখ করেন।
রোববার (১০ মে) মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ। আমি বলেছি তারা পরাজিত হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের কাজ শেষ। আমরা আরও দুই সপ্তাহ সেখানে অবস্থান করতে পারি এবং প্রতিটি অবশিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারি। ট্রাম্পের দাবি অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যে তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৭০ শতাংশ অর্জন করেছে। বাকি ৩০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জনে তারা যেকোনো সময় বড় ধরনের হামলা চালাতে পারে।
ইরানের পরমাণু কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে ট্রাম্প চরম আত্মবিশ্বাস ব্যক্ত করেন। তিনি জানান, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বর্তমানে ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে, তবে পুরো বিষয়টি মার্কিন বাহিনীর নিবিড় নজরদারিতে রয়েছে।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরেনিয়ামের কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে তাকে আকাশপথ থেকে উড়িয়ে দেওয়া হবে। তিনি আরও যোগ করেন, মার্কিন বাহিনী যদি নতুন করে হামলা নাও চালায়, তারপরও ইরানকে পুনরায় সংগঠিত হতে বহু বছর সময় লেগে যাবে।
এদিকে, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। ইরানের প্রতিক্রিয়া পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, তেহরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। ট্রাম্পের এই অনড় অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে পুনরায় বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আগামী দুই সপ্তাহ এই অঞ্চলের পরিস্থিতির জন্য অত্যন্ত সংকটজনক হতে পারে। সূত্র: আলজাজিরা
ইরানের জবাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য: ট্রাম্প
মার্কিন শান্তি পরিকল্পনায় ইরানের ইতিবাচক সাড়া