ইরানের সাথে একটি সম্ভাব্য শান্তি চুক্তির পথ প্রশস্ত করতে দেশটিতে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকালই তিনি ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে তাদের সময় ফুরিয়ে এসেছে এবং যেকোনো মুহূর্তে ভয়াবহ হামলার ইঙ্গিত দিয়েছিলেন। তবে মাত্র একদিনের ব্যবধানে সেই অবস্থান থেকে সরে এসেছেন ট্রাম্প।
মঙ্গলবার (১৯ মে) একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
খবরে জানা গেছে, একটি চুক্তির সম্ভাবনা দেখা দেওয়ায় ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন। মূলত কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় মিত্রদেশগুলোর বিশেষ অনুরোধে তিনি সামরিক পদক্ষেপ থেকে পিছিয়ে এসেছেন। এই সিদ্ধান্তের পেছনে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিও বড় ভূমিকা রেখেছে।
ট্রাম্প এর আগেও একাধিকবার জানিয়েছেন যে তিনি দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান। তবে এর আগে তার দেওয়া চুক্তির রূপরেখা ইরান প্রত্যাখ্যান করায় তিনি মঙ্গলবার হামলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, মিত্র দেশগুলো তাকে জানিয়েছে যে বর্তমানে সমঝোতায় পৌঁছাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, তাই এই মুহূর্তে হামলা চালানো ঠিক হবে না।
তবে হামলা স্থগিতের ঘোষণা দিলেও ট্রাম্প একই সাথে মার্কিন সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি শেষ পর্যন্ত কোনো কার্যকর চুক্তি না হয়, তবে এক মুহূর্তের নির্দেশে ইরানে বড় ধরনের হামলা চালানোর জন্য মার্কিন সেনারা প্রস্তুত রয়েছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ সদস্যদের সঙ্গে বৈঠকের পরই ট্রাম্প তেহরানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরান যদি দ্রুত সমঝোতায় না আসে, তবে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। বর্তমানে পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে প্রস্তাব বিনিময় চললেও চূড়ান্ত ফলাফল কী হয়, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব।
এদিকে ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি চলমান ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ভঙ্গ করে তবে তারা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা শক্তিশালী হামলা চালাবে। সূত্র: আলজাজিরা ও সিএনএন
‘৪৮ ঘণ্টার মধ্যে ইরানে পুনরায় মার্কিন হামলার আশঙ্কা’
হরমুজ প্রণালিতে নতুন নিয়ন্ত্রক সংস্থা গঠন ইরানের
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন প্রস্তাব