যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ এএম

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মিনিয়াপোলিসের ডাউনটাউন এলাকার একটি বহুতল আবাসিক ভবনে গুলির ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার পর গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক মিনিটের মধ্যেই কর্মকর্তারা ভবনের ভেতরে প্রবেশ করেন এবং গুলিবিদ্ধ ব্যক্তিদের দেখতে পান। পরে ওপরের একটি তলায় আরও গুলির শব্দ শুনে সেখানে অভিযান চালান তারা।

পুলিশের সার্জেন্ট গ্যারেট পার্টেন জানান, ঘটনাস্থলে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। একজনের পায়ে গুলি লাগে এবং আরেকজনের অস্ত্রোপচার করা হয়েছে। আহত তিন কর্মকর্তার অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলায় নিহত দুইজনের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন। তবে তিনি কীভাবে মারা গেছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

ঘটনার সময় ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়াশার মতো একটি আবরণ তৈরি হয়েছিল, যা পুলিশের দৃষ্টিসীমা ব্যাহত করে। হামলার উদ্দেশ্য এবং সন্দেহভাজন ব্যক্তির পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। তদন্তে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছে এফবিআই।

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ঘটনার কারণ ও হামলাকারীর সঙ্গে নিহতদের সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এমএজেড
আরও পড়ুন