দক্ষিণ কোরিয়ায় বিবাহবিচ্ছেদের একটি মামলায় রীতিমতো চমকে দেওয়ার মতো সম্পদ নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। দেশটির গেমিং জায়ান্ট স্মাইলগেটের প্রতিষ্ঠাতা কওন হিয়ক-বিনকে সাবেক স্ত্রী লি হোয়া-জিনকে প্রায় ২ দশমিক ৫৫ ট্রিলিয়ন ওন, যা প্রায় ১৮৭ কোটি ডলারের সমান, দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দেওয়া রায়ে আদালত কওনের স্মাইলগেটে থাকা ৩৫ শতাংশ মালিকানা সাবেক স্ত্রীর কাছে হস্তান্তরের নির্দেশ দেন। এ শেয়ারের বর্তমান মূল্য প্রায় ২ দশমিক ৫ ট্রিলিয়ন ওন। এর বাইরে লি হোয়া-জিনকে আরও ৬৫ বিলিয়ন ওন নগদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি স্মাইলগেট। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কওন দেশটির অন্যতম ধনী ব্যক্তি। ব্লুমবার্গের হিসাবে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার।
বিবাহবিচ্ছেদের মামলায় লি হোয়া-জিন স্মাইলগেটের অর্ধেক মালিকানা দাবি করেছিলেন। তাঁর আইনজীবীরা আদালতে যুক্তি দেন, প্রতিষ্ঠানটি গড়ে তোলার সময় তিনি অর্থায়নে সহযোগিতা করেছিলেন। পাশাপাশি দুই দশকেরও বেশি সময় ধরে সন্তানদের লালন-পালন এবং সংসার পরিচালনায় তাঁর ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়।
তবে কওনের পক্ষ থেকে এসব দাবি অস্বীকার করা হয়েছে। তাঁর দাবি, সাবেক স্ত্রী স্মাইলগেটে কোনো অর্থ বিনিয়োগ করেননি এবং প্রতিষ্ঠানটির কাজেও যুক্ত ছিলেন না। বছরের শুরুতে স্মাইলগেটও জানিয়েছিল, প্রতিষ্ঠানটি শুরুর সময় প্রয়োজনীয় মূলধনের পুরোটা কওনই দিয়েছিলেন।
আদালতের এই রায় দক্ষিণ কোরিয়ার বিবাহবিচ্ছেদ নিষ্পত্তির আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর আগে এসকে গ্রুপের চেয়ারম্যান চে তায়ে-উনকে সাবেক স্ত্রীকে ৯৪৪ বিলিয়ন ওন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট সম্পদের মূল্যায়নে হিসাবগত ভুলের কথা উল্লেখ করে ওই রায় বাতিল করে মামলাটি নতুন করে বিবেচনার নির্দেশ দেন।
বর্তমান রায়ের বিরুদ্ধেও কওন ও লি দুই পক্ষেরই আপিল করার সুযোগ রয়েছে। এ বিষয়ে স্মাইলগেটের একজন মুখপাত্র কওনের ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য না করলেও জানিয়েছেন, প্রতিষ্ঠানটির কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
তাইওয়ানে সংঘাত হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বড় প্রভাব পড়বে
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে ইরানে তীব্র ওষুধ সংকট