বিশ্বজুড়ে চলমান সংঘাত ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও। তিনি যুদ্ধ ও উত্তেজনার পরিবর্তে নতুন করে সংলাপ শুরু করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাগিদ দিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার (০৮ মার্চ) ভ্যাটিকানে অবস্থিত সেন্ট পিটার্স স্কয়ার–এ অনুষ্ঠিত অ্যাঞ্জেলাস প্রার্থনায় বক্তব্য দিতে গিয়ে পোপ এই আহ্বান জানান।
প্রার্থনা সভায় তিনি বলেন, ইরান ও সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে আসা সাম্প্রতিক খবর গভীর উদ্বেগ তৈরি করছে। তার মতে, চলমান সংঘাত শুধু সামরিক উত্তেজনাই বাড়াচ্ছে না, বরং মানুষের মধ্যে ভয়, অনিশ্চয়তা ও ঘৃণার অনুভূতিও উসকে দিচ্ছে।
পোপ সতর্ক করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এই সংঘাত আরও বিস্তৃত হয়ে যেতে পারে এবং এতে ‘প্রিয় লেবানন’সহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, যুদ্ধ ও প্রতিশোধের চক্র কখনো স্থায়ী শান্তি আনতে পারে না। বরং এর ফলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
পোপ লিও সবাইকে শান্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়ে বলেন, বোমার গর্জন যেন থেমে যায়, অস্ত্র যেন নীরব হয় এবং এমন এক সংলাপের পথ খুলে যায় যেখানে জনগণের প্রকৃত কণ্ঠ শোনা সম্ভব হয়।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে উত্তেজনা প্রশমনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তার মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এখনই সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার উদ্যোগ নেওয়া জরুরি।
ইরানের রাস্তায় আগুনের নদী, এবার এসিড বৃষ্টির শঙ্কা
মার্কিন অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা টিকবে না: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে সমন্বিত অবস্থান গড়ে তোলার আহ্বান
