উগান্ডার সামরিক বাহিনীর প্রধান এবং প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে জেনারেল মুহুজি কাইনেরুগাবা বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দ্রুত শেষ হোক এটাই তাদের প্রত্যাশা। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, ইসরায়েল যদি পরাজয়ের মুখে পড়ে, তাহলে উগান্ডা দেশটির পক্ষে যুদ্ধে যোগ দেবে।
বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, 'আমরা চাই এই যুদ্ধ এখনই শেষ হোক, বিশ্ব এ নিয়ে ক্লান্ত। কিন্তু ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার কোনো প্রচেষ্টা হলে আমরা তাদের পক্ষেই দাঁড়াব।'
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তার এই মন্তব্য এসেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং এর পাল্টা প্রতিক্রিয়ায় অঞ্চলজুড়ে সামরিক পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে।
সম্প্রতি কাইনেরুগাবা আরও আলোচনায় আসেন ১৯৭৬ সালের এন্টেবে বিমানবন্দর অভিযানে নিহত ইসরায়েলি কমান্ডো ইয়োনাতান নেতানিয়াহুর স্মরণে ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা ঘোষণা দিয়ে। ওই কমান্ডো ছিলেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই।
এদিকে ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টাপাল্টি আঘাতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে, যার প্রভাব পড়ছে পার্শ্ববর্তী দেশগুলোতেও।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহেও চাপ তৈরি হয়েছে। এই রুটের ওপর নির্ভরশীল দেশগুলো অর্থনৈতিকভাবে বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি
হাইফা বন্দরে আবারও ইরানের ড্রোন হামলা
ভারতেও তেল নিয়ে ‘আতঙ্ক’, জরুরি বার্তা
