রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৩

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম

খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে চলা সংক্ষিপ্ত যুদ্ধবিরতি শেষ হতে না হতেই ইউক্রেনজুড়ে ভয়াবহ তাণ্ডব শুরু করেছে রুশ বাহিনী। বুধবার (১৫ এপ্রিল) রাতভর ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, রাজধানী কিয়েভে চালানো হামলায় ৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক কিশোরও রয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর নগরী ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ৬ জন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে আরও ২ জন নিহত হয়েছেন। হামলার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

ইউক্রেনে রুশ হামলার সমান্তরালে রাশিয়ার সীমান্ত এলাকাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার ক্রাই অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ দাবি করেছেন, ইউক্রেনীয় ড্রোনের আঘাতে তাঁর অঞ্চলে দুইজন শিশু নিহত হয়েছে।

সামরিক বিশ্লেষকরা বলছেন, ইস্টার সানডের সাময়িক বিরতির পর দুই পক্ষই এখন আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে। বিশেষ করে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে রাশিয়ার ধারাবাহিক হামলা দেশটিতে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।

ইউক্রেন সরকার এই নজিরবিহীন হামলার নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়ের কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছে।

FJ
আরও পড়ুন