যুদ্ধবিরতিতে পূর্ণ সমর্থন ম্যাক্রোঁ'র, লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পিএম

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে ছয় সপ্তাহ ধরে চলা সংঘাত থামাতে ঘোষিত যুদ্ধবিরতিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন, তবে একই সঙ্গে এই সমঝোতার স্থায়িত্ব নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন।

এক বার্তায় তিনি বলেন, চলমান সামরিক অভিযান অব্যাহত থাকায় এই যুদ্ধবিরতি ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে, যা পুরো প্রক্রিয়াকে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে।

ম্যাক্রোঁ উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, লেবানন ও ইসরায়েল সীমান্তের দুই পাশের বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং এই বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।

তিনি আরও বলেন, হিজবুল্লাহকে তাদের অস্ত্র ত্যাগ করতে হবে এবং ইসরায়েলকে লেবাননের সার্বভৌমত্ব সম্মান করে যুদ্ধ বন্ধ করতে হবে, যাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়।

অন্যদিকে, লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলের একাধিক লঙ্ঘনের ঘটনা তারা নথিভুক্ত করেছে।

তাদের অভিযোগ, ইসরায়েল 'বিভিন্ন আগ্রাসী কার্যক্রম' চালিয়েছে এবং দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে বিচ্ছিন্ন গোলাবর্ষণের ঘটনা ঘটেছে, যা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের শামিল।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েল যদি যুদ্ধবিরতির শর্ত মেনে চলে, তাহলে তারাও এই সমঝোতা বজায় রাখবে। সূত্র: বিবিসি

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত