ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা পার্কার কাল সোমবার (২৭ এপ্রিল) চার দিনের এক ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। দীর্ঘ ১৯ বছর পর কোনো ব্রিটিশ রাজা বা রানির এটিই প্রথম যুক্তরাষ্ট্র সফর। তবে ওয়াশিংটনে সাম্প্রতিক এক বন্দুক হামলার ঘটনার পর এই সফরের নিরাপত্তা নিয়ে নতুন করে পর্যালোচনার কথা জানিয়েছে বাকিংহাম প্যালেস।
সর্বশেষ ২০০৭ সালে প্রয়াত রানি এলিজাবেথ মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন। দীর্ঘ বিরতির পর রাজা তৃতীয় চার্লসের এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। সফরের প্রথম দিনেই হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাজা ও রানির সাক্ষাতের কথা রয়েছে।
চার দিনের এই সফরে রাজা তৃতীয় চার্লস মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে ভাষণ দেবেন। এছাড়া তার সফরসূচিতে রয়েছে নিউইয়র্কে ৯/১১ স্মৃতিসৌধ পরিদর্শন এবং ভার্জিনিয়ায় নিহত মার্কিন ও ব্রিটিশ সেনাদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ।
ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের এক অনুষ্ঠানে সাম্প্রতিক গুলির ঘটনার প্রেক্ষাপটে সফরের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতি এবং অপারেশনাল প্ল্যানিংয়ে কোনো পরিবর্তন আনতে হবে কি না, তা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তবে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সফরের বিষয়ে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিফ সেক্রেটারি ড্যারেন জোনস জানিয়েছেন, সম্ভাব্য সব ঝুঁকি বিবেচনা করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। অন্যদিকে, শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ বলেছেন, এই সফর ‘অবশ্যই’ হওয়া উচিত এবং সহিংসতাকে কখনো কূটনৈতিক সম্পর্কের পথে বাধা হতে দেওয়া যাবে না।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বিশ্ব রাজনীতির এই অস্থির সময়ে ব্রিটিশ রাজার যুক্তরাষ্ট্র সফর দুই দেশের মধ্যে নতুন কৌশলগত ও বাণিজ্যিক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। সূত্র: বিবিসি বাংলা
এপস্টিন ভুক্তভোগীদের সঙ্গে দেখা করবেন না ব্রিটিশ রাজা