ইউক্রেনের সামরিক অবকাঠামোয় হামলা চলবে: পুতিন

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, রাশিয়ার বেসামরিক অবকাঠামোর ওপর হামলার জবাবে ইউক্রেনের সামরিক শিল্প এবং সেই খাতকে সচল রাখার অবকাঠামোর ওপর রুশ হামলা অব্যাহত থাকবে।

শুক্রবার (৪ জুলাই) ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

পুতিন দাবি করেন, যুদ্ধক্ষেত্রের তথাকথিত সাফল্য নিয়ে ইউক্রেন ভিত্তিহীন তথ্য ছড়িয়ে একটি তথ্যযুদ্ধ ও প্রচারণা চালাচ্ছে। তার অভিযোগ, কিয়েভ সরকার এবং ইউরোপের কথিত শান্তিরক্ষী জোটের প্রকৃত লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা নয়, বরং রাশিয়ার সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত করা।

তিনি বলেন, ইউরোপীয় নেতাদের বক্তব্য এবং তাদের বাস্তব পদক্ষেপই প্রমাণ করে, তারা ‘শেষ ইউক্রেনীয় বেঁচে থাকা পর্যন্ত’ যুদ্ধ চালিয়ে যেতে চায়।

পুতিন আরও বলেন, গত ৭ জুন ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন নেতা যৌথ বিবৃতিতে ইউক্রেনের ড্রোন প্রযুক্তির ‘উদ্ভাবনী ব্যবহার’-এর প্রশংসা করেছেন। তার ভাষায়, যদি এই ‘উদ্ভাবনী ব্যবহার’ বলতে রাশিয়ার বেসামরিক স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো, সাধারণ মানুষ ও শিশু বহনকারী যানবাহন কিংবা শিক্ষার্থীদের আবাসিক ভবনে হামলাকে বোঝানো হয়ে থাকে, তাহলে তার জবাব দেওয়া রাশিয়ার দায়িত্ব।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সামরিক-শিল্প অবকাঠামো এবং সেই সক্ষমতাকে সচল রাখার স্থাপনাগুলোর ওপর সমন্বিত ও জোরালো হামলা অব্যাহত রাখা প্রয়োজন। কারণ, এ ধরনের কর্মকাণ্ডই এখন ইউক্রেনের কৌশলের অংশ হয়ে উঠেছে এবং এর উপযুক্ত জবাব দিতেই হবে। সূত্র: আনাদোলু

AS
আরও পড়ুন