রুশ 'অ্যামাজন'-এর গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৮

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম

রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজ-এর দুটি গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছেন। হামলার পর দুটি স্থাপনাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে তামবভ শহরের একটি গুদামে ৭ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে মস্কো অঞ্চলের ইলেকট্রোস্তালে ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামে ১ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলায় এমন গুরুত্বপূর্ণ লজিস্টিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলো ড্রোন উৎপাদনের জন্য নিষেধাজ্ঞাভুক্ত যন্ত্রাংশ ও ন্যাভিগেশন সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত হতো। তিনি আরও দাবি করেন, একই অভিযানে আজভ সাগর, কৃষ্ণসাগর এবং রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াতেও হামলা চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া, তবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এমন ভিডিওতে দেখা যায়, বিশাল গুদামজুড়ে আগুন, কালো ধোঁয়ার কুণ্ডলী এবং বিস্ফোরণের মধ্যে শ্রমিকরা প্রাণ বাঁচাতে বাইরে ছুটে যাচ্ছেন। কয়েকটি ভিডিওতে ভবনের দেয়াল ধসে পড়তেও দেখা যায়।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের এসব হামলা রাশিয়ার বেসামরিক অবকাঠামো, শহর ও জনবসতিতে চলমান হামলার জবাব। এর আগে বুধবার রাতে ইউক্রেনজুড়ে রুশ হামলায় অন্তত ১৪ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছিল কিয়েভ।

ওয়াইল্ডবেরিজকে প্রায়ই রাশিয়ার ‘অ্যামাজন’ বলা হয়। ২০২৬ সালে বিজ্ঞাপন প্রতিষ্ঠান রাস-এর সঙ্গে একীভূত হয়ে গঠিত আরডব্লিউবি গ্রুপের বাজারমূল্য প্রায় ১২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে ফোর্বস রাশিয়া।

ইউক্রেনীয় নিরাপত্তা ও সহযোগিতা কেন্দ্রের চেয়ারম্যান সেরহি কুজান বিবিসিকে বলেন, রুশ সেনাবাহিনীর জন্য ড্রোনের যন্ত্রাংশ, বডি আর্মার, ওয়াকিটকি ও অন্যান্য সামরিক সরঞ্জাম সংগ্রহে ওয়াইল্ডবেরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। তাই এসব গুদামকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করেছে ইউক্রেন।

ওয়াইল্ডবেরিজের প্রধান নির্বাহী তাতিয়ানা কিম ঘটনাটিকে কোম্পানি ও রাশিয়ার জন্য ‘ভয়াবহ রাত’ বলে মন্তব্য করেছেন।

তামবভ অঞ্চলের গভর্নর ইয়েভগেনি পেরভিশভ জানান, রাতের শিফটে কর্মরত সাতজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। একই সময়ে অঞ্চলটিতে ২৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আহতদের বেশির ভাগই শার্পনেলের আঘাতে আহত হয়েছেন।

অন্যদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ বলেন, ইলেকট্রোস্তালের হামলায় আহতদের মধ্যে অন্তত আটজনের অবস্থা গুরুতর। তিনি জানান, রাতভর অঞ্চলে মোট ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এছাড়া একটি ড্রোনের আঘাতে একটি তেল সংরক্ষণাগারেও আগুন লাগে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। কিয়েভের দাবি, এসব হামলায় রাশিয়ার প্রায় ৪৩ শতাংশ তেল পরিশোধন সক্ষমতা অচল হয়ে পড়েছে। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: বিবিসি

AS
আরও পড়ুন