জাপান থেকে মার্কিন টাইফুন ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে নিতে টোকিওর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, জাপানের কিউশু দ্বীপে মধ্যম ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম এসব মার্কিন ব্যবস্থা মোতায়েনকে কোনো অজুহাতেই গ্রহণযোগ্য মনে করে না মস্কো।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাখারোভা বলেন, গত ৩ সেপ্টেম্বর মস্কো ও টোকিওতে জাপানের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছিল রাশিয়া। ওই প্রতিবাদপত্রে কিউশুতে মার্কিন টাইফুন ব্যবস্থা মোতায়েনের বিষয়ে উদ্বেগ জানানো হয়। রাশিয়ার অভিযোগ, জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এসব অস্ত্র হুমকি তৈরি করছে।
জাখারোভা বলেন, রাশিয়ার পক্ষ থেকে বারবার উদ্বেগ জানানোর পরও জাপান আবারও এ ধরনের পদক্ষেপ নিয়েছে। তার ভাষায়, জাপানের ভূখণ্ডে এসব ব্যবস্থা অগ্রবর্তীভাবে মোতায়েনের বিষয়টি কত দিনের জন্য বা কী পদ্ধতিতে করা হচ্ছে, তা বিবেচ্য নয়; কোনো অজুহাতেই এটি গ্রহণযোগ্য নয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মস্কো জাপানকে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করার পাশাপাশি দেশটির ভূখণ্ড থেকে মার্কিন টাইফুন ব্যবস্থা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল পুরোপুরি স্বীকার করার জন্য জাপানের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। বিশেষ করে দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জের সঙ্গে সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়গুলো বিবেচনায় নেওয়ার কথা উল্লেখ করে জাখারোভা বলেন, জাপানকে সামরিকীকরণের নীতি পরিত্যাগ করতে হবে।
বিবৃতিতে বলা হয়, বুধবার মস্কোয় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আকিরা মুতোকে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেঙ্কো বৈঠকে আগের প্রতিবাদপত্রের বিষয়বস্তু গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান।
জাখারোভা আরও বলেন, সাম্প্রতিক দিনগুলোতে চীনও জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই ধরনের প্রতিবাদপত্র দিয়েছে। চীনও টাইফুন ব্যবস্থা মোতায়েনসহ জাপানের সামরিকীকরণ নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে জানান তিনি।
রাশিয়ার অভিযোগ, জাপানের ভূখণ্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। এ কারণে মস্কো এসব ব্যবস্থা সরিয়ে নেওয়ার পাশাপাশি জাপানের সামরিকীকরণ নীতি থেকে সরে আসার আহ্বান জানাচ্ছে। সূত্র: তাস নিউজ এজেন্সি
বিদেশি দখলদারিত্বের পুনরাবৃত্তি ঠেকিয়েছে ইরানি জনগণ: রেজাই
যুক্তরাষ্ট্রের ধারণা ওয়াশিংটনের বয়ান অন্ধভাবে গিলবে বিশ্ব: বাঘাই
'সৌদির নিরাপত্তায় প্রয়োজনে যেকোনো পর্যায়ে যাবে পাকিস্তান'